ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনীতে ভাষা সৈনিক সিরাজুল ইসলামের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ-এর পিতা ভাষা সৈনিক মোহাম্মদ সিরাজুল ইসলামের মরদেহ গতকাল বুধবার বিকেলে গাংনীর কাজীপুর গ্রামে নেওয়া হয়। পরে সেখানে জানাজার নামাজ শেষে তাঁকে কাঁচারী কবরস্থানে দাফন করা হয়। এর আগে ভাষা সৈনিক সিরাজুল ইসলামের মরদেহে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। ভাষা সৈনিক মোহাম্মদ সিরাজুল ইসলাম গত মঙ্গলবার দিবাগত রাত ৪টায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ভাষা সৈনিক সিরাজুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন গভীর শোক করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৪ সালে। ১৯৫২ সালে তিনি মেহেরপুর মডেল ইংরেজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সহপাঠীদের নিয়ে মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকায় আন্দোলনরতদের প্রতি সর্মথন জানিয়ে মিটিং মিছিলে অংশ নিয়েছিলেন।
