ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর পৌরবাসীর ভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। হালকা কিম্বা মাঝারী বৃষ্টি হলেই পৌরসভার মেইন বাসস্ট্যান্ডসহ পৌর এালাকার বিভিন্ন ওয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে পৌরবাসীর যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা গেছে, জীবননগর শহরের বাসস্ট্যান্ডে ড্রেন থাকলেও পানি নিস্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতে শহরে পানি জমে থাকে। একই অবস্থা ৭ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ায়। ড্রেন থাকলেও সেটি পরিস্কার না করায় ময়লা-আর্বজনায় বন্ধ হয়ে থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বেশ কিছু পরিবারের সদস্যরা বৃষ্টির সময় বাড়ি থেকে বের হতে মহাবিপাকে পড়তে হয়। এমনকি রাস্তাগুলো সংস্কার না করায় সাধারণ পথচারীদের পড়তে হয় নানা সমস্যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘বর্তমান সময়ে জীবননগর উপজেলার যদি কোনো একটি ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকায় যাওয়া হয়, তাহলে সেখানে যেভাবে রাস্তাঘাট, ড্রেনসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে। তাতে করে সহজে কেউ বলবে না যে এটা একটি ইউনিয়নের অন্তর্ভুক্ত, সবাই ধারনা করবে এটা হয়ত পৌরসভার অর্ন্তভুক্ত। কিন্তু আমরা পৌরসভায় বসবাস করলেও ড্রেন ও রাস্তার বেহাল দশা। বিশেষ করে আমাদের ৪ নম্বর ওর্য়াডের রাস্তা ও ড্রেনের জন্য চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। মেয়র মহোদয় যদি একটু নজর দেন, তাহলে ৪ নম্বর ওয়ার্ডবাসীর এ দুর্ভোগ লাঘব হবে।’
জীবননগর পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওর্য়াড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন বলেন, ৪ নম্বর ওর্য়াডের মহানগর উত্তর পাড়ায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটা খুব শিগগিরই সমাধান করা হবে। ওখানে যে ড্রেনটি আছে, সেই ড্রেনের কাজ না করা পর্যন্ত রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। আশা করি, দূরত্ব ড্রেনের কাজ করা হবে।
