ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মেহেরপুর শহরের বড় বাজার গড়পাড়ার হামিদুল ইসলামের (৫২) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পৌরসভার শেখপাড়া কবরস্থানে হামিদুলকে দাফন করা হয়। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার তাকওয়া ফাউন্ডেশনের পাঁচ সদস্যবিশিষ্ট একটি দল ঢাকা থেকে আসা হামিদুলের মরদেহ তাঁর বাসভবনের পাশে একটি ফাঁকা জায়গায় আনার পর সেখানে ধোয়ানোর কাজে অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর ইসলামী আন্দোলনের সহকারী পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি দল এবং ইসলামিক ফাউন্ডেশনের দুইজনসহ মরহুম হামিদুলের পরিবারের কয়েকজন সদস্য শহরের এশিয়া নেট মোড়ে জানাজা ও পৌরসভার শেখপাড়াস্থ কবরস্থানে দাফনকার্যে অংশগ্রহণ করেন। এর আগে প্রায় ৩ সপ্তাহ পূর্বে শহরের গড়পাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে হামিদুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ সময় তাঁকে মেহেরপুর থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়। এদিকে গতকাল শনিবার ভোরের দিকে লাশ মেহেরপুর পৌঁছানোর পর শহরের পৌরসভা শেখপাড়াস্থ কবরস্থানের লাশ ধোয়ার জন্য প্রস্তুতি গ্রহণকালে এলাকাবাসী সেখানে লাশ ধোয়ার কাজে বাধা প্রদান করে। পরে গড়পাড়ায় তাঁর বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় লাশ ধোয়ানোর পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
