জীবননগর অফিস:
জীবননগরে ওমানে পাঠানোর কথা বলে ওমানে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোয়ালপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে আদম ব্যবসায়ী আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার শিকার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দিনমজুর আলী কদরের ছেলে আলামিন হোসেন এ অভিযোগ করেন।
আলামিন হোসেন বলেন, ‘আব্দুল হাই ওমানে নিয়ে ভালোমানের কাজ দিবে বলে আমাকে বললে, আমি তার কাছে আমার শেষ সম্বল ৮ শতক ভিটা জমি কোর্ট বন্দক রেখে বিদেশে যাওয়ার জন্য ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। পরে আব্দুল হাই আমাকে ওমানে না পাঠিয়ে সমস্ত টাকা আত্মসাত করেন। আমি টাকা ফেরত চাইলে উল্টো আমার এবং আমার বাবার নামে কোর্টে মিথ্যা মামলাও করে। মিথ্যা মামলার দায়ে আমরা আজ সর্বশান্ত হয়ে পড়েছি।’
স্থানীয় অনেকে বলেন, ‘এর আগেও এলাকার বেশ কিছু ব্যক্তির নিকট থেকে বিদেশে পাঠানোর নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন আব্দুল হাই। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে উল্টো হয়রানি করে সে।’
সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন বলেন, ‘আব্দুল হাই আলামিনের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে টাকা নিয়েছে। এবিষয় নিয়ে আলামিনের পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগও তারা করেছে। ওই অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ থেকে আব্দুল হাইকে নোটিশ করা হলে সে ইউনিয়ন পরিষদে না আসায় আলামিনের পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।’
