নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন হৃদরোগজনিত কারণে মারাত্মক অসুস্থ হয়ে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গেল রাত ১২টা ২০ মিনিটে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র মেয়ে-জামাই বর্তমানে জাপানে অবস্থান করছেন। আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত এলদাদ হোসেন জোয়ার্দ্দার ও সায়েমা খাতুন জোয়ার্দ্দারের ছেলে। তবে প্রয়াত এই ব্যবসায়ীর আদি বাড়ি রেলপাড়াতে হলেও তিনি চুয়াডাঙ্গা শহরের ফেরীঘাট রোডস্থ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। চার বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ৭ম ছিলেন। বিশিষ্ট এই ব্যবসায়ীর হঠাৎ মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতরাত সাড়ে তিনটার দিকে লাশ চুয়াডাঙ্গায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়। প্রয়াত এই ব্যবসায়ী যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা হয়েছে। আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেল বাজারে অবস্থিত আলিয়া মাদরাসার মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে শহরের রেলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে বলে প্রয়াত এই ব্যবসায়ীর একমাত্র ছেলে সুসিক জোয়ার্দ্দার সময়ের সমীকরণকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন গত কয়েকদিন ধরে হৃদরোগেজনিত কারণে অসুস্থ হয়ে জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির তাঁকে চিকিৎসা দেন। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সযোগে এই ব্যবসায়ীকে দ্রুত ঢাকায় নেওয়ার পথে রাজবাড়ী মোড়ে পৌছালে অবস্থার আরও অবনিত হওয়ায় তাৎক্ষণিক আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনকে পার্শবর্তী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন বেশ কিছুদিন যাবত শ্বাসকষ্টে ভুগছিলেন এবং সেইসঙ্গে শরীরে জ্বরও ছিল। গতকাল তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে, যার রিপোর্ট এখনো আসেনি। এদিকে, করোনায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্নার মৃত্যুর ঠিক একদিন পরেই করোনা উপসর্গ নিয়ে ব্যবকসায়ী নেতা আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের মৃত্যু হলে চুয়াডাঙ্গা শহরে কোভিড-১৯ আতঙ্ক বিরাজ করতে দেখা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, ‘চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আমরা তাঁকে সাধ্যমতো চিকিৎসাসেবা প্রদান শেষে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করি। যেহেতু তাঁর শ্বাসকষ্ট ও জ্বর ছিল, সে জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। যার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।’
এদিকে, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জেলার পরিচতি মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহসভাপতি খুস্তার জামিল, সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি মিজাইল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান নন্দনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সাবেক প্রেসিডেন্ট, থ্রি-স্টার মানের হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও এমডি, চুয়াডাঙ্গার সন্তান সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক, ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)-এর সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী সিআইপি দীলিপ কুমার আগওয়ালা ও দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন দীর্ঘ প্রায় ১০ বছর যাবত চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক মালিক সমিতির সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেণ এবং একই সঙ্গে তিনি বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন।
