ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়রের পীরগাছা গ্রামে এক বেকার যুবকের পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া বিষে পাঁচ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাছ চাষি আবু জাফর দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির পীরগাছা গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে আবু জাফর (২৬) বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে কোন চাকরির পিছনে না ছুটে গ্রামেই দুই বিঘার একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে মাছের চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলেন। পুকুরে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ ছিলো বলে জানান তিনি। কিন্তু গত ৯ জুন রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুড়ে মারা বিষে পুকুরের সব মাছ মরে যাওয়ায় তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার এই স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় এখন সে কি করবে সেই চিন্তায় একেবারে দিশেহারা হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইব্রাহিম বলেন, পুকুরে বিষ দেওয়ার কারণে পানি বিষাক্ত হওয়ায় মাছ মারা গেছে। পান্তাপাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য গোলাম নবী বলেন, আমি ঘটনার কথা শুনেছি। তবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে রাতের আধারে কে বা কাহারা বিষ নিক্ষেপ করায় পানি বিষাক্ত হয়ে মাছ গুলো মারা গেছে।
