ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘এবারে বৃষ্টির পরিমাণ বেশি। যেসব রাস্তাগুলোতে বা পাড়ায় কিছু কিছু অংশে ড্রেন নেই, তাদের দুর্ভোগ বেড়েছে। তবে আমি নিরন্তর কাজ করছি। দিন-রাত এসব স্থানে ঘুরে ঘুরে জনগণের দুর্ভোগ কমানোর চেষ্টা করছি। কোনো কোনো স্থানে স্যালোমেশিন ভিড়িয়ে পানি নিষ্কাশন করা হয়েছে। আপনারাও হয়ত এতোদিন কষ্ট পাচ্ছিলেন। এখন এই রাস্তায় ড্রেন নির্মাণ হবে। এই ড্রেনটি নির্মাণ হলে আপনাদের এখানে আর পানি জমবে না।’ গতকাল বুধবার বেলা ২টায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে বেলগাছি মুসলিমপাড়ার প্রাইমারি স্কুলের পাশের সড়কটিতে ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
জিপু চৌধুরী আরও বলেন, ‘দিন দিন নাগরিক সেবার মান বৃদ্ধি পাচ্ছে। পৌর এলাকার প্রয়োজনীয় সব স্থানে ড্রেন নির্মাণ করা হবে। রাস্তার নির্মাণকাজও দ্রুতগতিতে এগোচ্ছে। করোনাভাইরাসের কারণে কিছু কাজ থমকে গিয়েছিল। তবে আবার কাজ চলছে। এখন দায়িত্ব কিছুটা আপনাদেরও। কাজগুলো কেমন হচ্ছে, সেটি বুঝে নিবেন। ভুল-ক্রটি পেলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী, ঠিকাদার মো. মর্তুজা, স্থানীয় বাসিন্দা ইনামুল হক, স্বপন মাস্টার, শহিদুল ইসলাম, বুদু মিয়া, কালু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের ইমদাদ, ছাত্রলীগের নেতা সজল, জাহাঙ্গীর, মিনারুল ইসলাম প্রমুখ।
