প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রাত সাড়ে ৯টার দিকে পলিয়ানপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করল বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, গত রাতে পলিয়ানপুর গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। এর মধ্যে জাকির খান, পারভীন, নাজমা বেগম, হাসান ফরাজি, তানিয়া আক্তার, মো. হাফিজ, মিলন হাওলাদার, সালমা খাতুন, শাহ আলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ, রাসেল খান, মুন্না হাওলাদারকে আটক করা হয়। তাঁদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও পিরোজপুর এলাকায়। আটককৃত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
