ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আনসারবাড়ীয়া-সাফদারপুর রেলস্টেশনের মাঝামাঝি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নুড়িতলা রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দর্শনা জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া টু ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফাদারপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি নুড়িতলা নামক রেলওয়ে লেবেল রেলক্রসিংয়ের অদূরে গতকাল সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রেনে কেটে অজ্ঞাতনামা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলের পাশেই পড়ে ছিল লাল ও কালো রংয়ের পোশাক ভর্তি একটি স্কুল ব্যাগ। নিহতের চেহারা মুখমণ্ডল গোলাকার ও গায়ের রং কালো, তাঁর পরনে ছিলো চেক লুঙ্গি। পাশে থাকা ব্যাগের ভেতরে ছিল একটি সাদা রংয়ের টুপি, একটি সাদা শার্ট, একটি চকলেট কালারের ফুলপ্যান্ট, এক জোড়া স্যান্ডেল। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে দর্শনা জিআরপি পুলিশ।
এ বিষয়ে দর্শনা হল্ট স্টেশনের জিআরপি ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ তবিবুর রহমান জানায়, ট্রেনে কাটা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ খবর পেয়ে গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। যেহেতু লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি, সেহেতু সুরতহাল রিপোর্ট শেষে অজ্ঞাতনামা লাশ হিসেবে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ময়নাতদন্ত শেষে লাশের পরিচয় না মিললে চুয়াডাঙ্গায় আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাতনামা লাশ হিসেবে দাফনকার্য সম্পন্ন করা হবে। এ বিষয়ে পোড়াদাহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ওই যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দর্শনা জিআরপি পুলিশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
