ছবির ক্যাপশন:
মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৩৩ ও কুষ্টিয়ার আরও ৩৪ জনের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিসে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে নতুন ৫০টি নমুনার ফলাফল আসে। উক্ত ফলাফলে ১৬ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৩৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যে পৌর এলাকার ফার্মপাড়ায় ১ জন, থানা কাউন্সিল পাড়ায় ৩ জন, গুলশানপাড়ায় ১ জন, দৌলাতদিয়াড়ের ১ জন ও ডিঙ্গেদহ আনসার ক্যাম্পের ২ জন। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জনে। গতকাল নতুন একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২০২ জন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ৫০টি, মেহেরপুরের ২০টি, ঝিনাইদহের ৯০টি, কুষ্টিয়ার ১৭৯টি ও নড়াইলের ৩৭টি নমুনাসহ ৩৭৬টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ১৬ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহের ৩৩ জন, কুষ্টিয়ায় ৩৪, নড়াইলে ১২ জনসহ মোট ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, চুয়াডাঙ্গায় নতুন ১৬ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলার আটজন, দামুড়হুদা দুই, আমলডাঙ্গা এক ও জীবননগর উপজেলার পাঁচজন রয়েছেন। সবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামীকাল (আজ বুধবার) আক্রান্তদের বাড়ি-ঘর পরিদর্শন করে লকডাউনসহ বাড়ির অবস্থা বুঝে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থা নেবেন। এছাড়াও প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
