সমন্বিত সিদ্ধান্ত নিলে পিসিআর ল্যাব করব : দিলীপ কুমার

আপলোড তারিখঃ 2020-07-11 ইং
সমন্বিত সিদ্ধান্ত নিলে পিসিআর ল্যাব করব : দিলীপ কুমার ছবির ক্যাপশন:
‘করোনায় করণীয় ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সমীকরণ সংলাপে ব্যবসায়ী ও সাংবাদিক নেতা নিজস্ব প্রতিবেদক: ‘চুয়াডাঙ্গা জেলায় করোনা শনাক্তের গতি ধীর হচ্ছে। যদি আমরা এখানে টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষার গতি বাড়াতে পারি, দ্রুত রোগী শনাক্ত হবে। শনাক্তকৃত রোগীদের আইসোলেশনের মাধ্যমে সামাজিক সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। সেই জন্য আমাদের জেলায় একটি পিসিআর ল্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে চুয়াডাঙ্গার ডিসি-এসপি-সিভিল সার্জন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিত সিদ্ধান্ত নিলে এ জেলায় আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি পিসিআর মেশিন প্রদানে আমার কোনো আপত্তি থাকবে না। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলে আমি স্বতঃস্ফূর্তভাবে কোভিড-১৯ শনাক্তের জন্য পিসিআর ল্যাব স্থাপন করব। চুয়াডাঙ্গায় একটি পিসিআর ল্যাব স্থাপন হলে এতে শুধু চুয়াডাঙ্গাবাসী না, পার্শ্ববর্তী জেলা মেহেরপুর এবং ঝিনাইদহের মানুষও বেশ উপকৃত হবে। আমি চুয়াডাঙ্গার মাটিতে জন্মেছি, তাই এ জেলার সন্তান হিসেবে মা-মাটি ও মানুষের কল্যাণে আমি সর্বদা কাজ করে যাচ্ছি এবং আজীবন করে যাব।’ দৈনিক সময়ের সমীকরণ-এর নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘সমীকরণ সংলাপে’ অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরিউক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিকের পরিকল্পনা ও গ্রন্থণায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এ ভার্চুয়াল সংলাপে ফেসবুক লাইভের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, এফবিসিসিআইর-এর সহসভাপতি, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। ‘করোনায় করণীয় ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক প্রসঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানটির স্পন্সর ছিল চুয়াডাঙ্গায় পোশাকের আভিজাত্য ব্র্যান্ড শপ নন্দন ও বাংলাদেশ টেলিকম প্লাস। সংলাপে করোনায় করণীয় ও সামাজিক দায়বদ্ধতাসহ চুয়াডাঙ্গার নানা সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে। এ সময় করোনায় সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগারওয়ালার কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে মানুষ জীবন-জীবিকা এবং করোনার সঙ্গে লড়াই করে দিন কাটাচ্ছে। তারা দেবী ফাউন্ডেশন সম্পর্কে তিনি বলেন, ‘মানব সেবাই ধর্ম’ এ স্লোগান নিয়ে তারা দেবী ফাউন্ডেশনের পথচলা। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি গর্ভবতী মায়েদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, প্রতিবন্ধী ও বৃদ্ধদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, বৃদ্ধ ভাতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে মাসিক অনুদানসহ বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করে আসছে এবং এ সমস্ত কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে। করোনায় পুলিশের মাধ্যমে খাবার, মাস্ক বিতরণসহ তারা দেবী ফাউন্ডেশন নানাভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। চুয়াডাঙ্গার ব্যবসায়ীদের উদ্যোশ্যে বাবু দিলীপ কুমার আরও বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের বাজেটে ব্যবসায়ীদের যে সুবিধা দেওয়া হয়েছে, প্রণোদনা প্যাকেজের সুবিধা চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা পাচ্ছেন কি না, সেটার বিষয়ে সাংবাদিকেরা ভাইয়েরা খোঁজখবর নিয়ে লেখালেখি করবেন। চুয়াডাঙ্গাসহ দেশের সকল ব্যবসায়ীদের ব্যাংকে প্রণোদনা প্যাকেজের কম সুদের ঋণের জন্য আবেদন করার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ব্যবসায়ীরা ঋণের জন্য ব্যাংকে আবেদন করার পর যদি তা ব্যাংক বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে ব্যাংকের সেই শাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন এবং আবেদনকৃত ঋণ পাওয়ার ব্যবস্থা করার প্রত্যায় ব্যক্ত করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নেতাদের ভূমিকার রাখার আহ্বানও জানান তিনি। রোগ বালাই ছড়ানোর বড় মাধ্যম টাকার পুরোনো নোট। আর চুয়াডাঙ্গায় ব্যাপক হারে পুরোনো নোট টাকার ব্যবহার রয়েছে, এমন প্রশ্নের জবাবে ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা বিষয়টির সমাধান করার বিষয়ে বলেন, যেকোনো একটি ব্যাংকের মাধ্যমে পুরোনো নোট জমা দিয়ে নতুন নোট নেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় কীভাবে, সে বিষয়ে কাজ করব। আর পুরোনো নোটের ব্যবহার চুয়াডাঙ্গায় কমাতে পারলে সাধারণ মানুষ বিভিন্ন জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাবে বলেও মন্তব্য করেন দিলীপ কুমার আগরওয়ালা। এ ছাড়া করোনা পরিস্থিতিসহ চুয়াডাঙ্গার নানা সমস্যা ও উন্নয়নের নানা দিক নিয়ে এ ব্যবসায়ী নেতা আলোচনা করেন। সংলাপের অপর অতিথি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন তথ্যমতে জানা গেছে বায়ুর মাধ্যমেও করোনা ছড়াতে পারে। এ জন্য আমাদের ১০০% মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তা না হলে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এবং চুয়াডাঙ্গাতেও সংক্রমণ বাড়বে এবং ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। রাজিব হাসান কচি আরও বলেন, এই করোনাকালীন সময়ে আমি ব্যক্তিগতভাবে ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদকর্মীদের পাশে থেকেছি। এ ছাড়া করোনা মোকাবিলায় সচেতনতা সৃষ্টিসহ এই অদৃশ্য ভাইরাসের সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছি। সংলাপে সাংবাদিক নেতা রাজিব হাসান কচি ব্যবসায়ী নেতা দিলীপ কুমার আগরওয়ালার প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের নানা কার্যক্রমের প্রশংসা করে এ জেলাবাসীর জন্য সেবামূলক সব কাজ চলমান রাখার আহ্বানও জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)