ছবির ক্যাপশন:
করোনা সংক্রমণ রোধে জীবননগরে মাস্ক বিতরণকালে ওসি সাইফুল ইসলাম
জীবননগর অফিস:
করোনা সংক্রমণ রোধে জীবননগর থানা-পুলিশের পক্ষ থেকে ৬ শ মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উথলী ইউনিয়নের শিয়ালমারী পশুহাটসহ পৌর শহরের টাইগার চত্বর থেকে মাস্ক বিতরণের এই কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। উদ্বোধনী দিনে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের উদ্বোধন শেষে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মাননীয় পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশ মোতাবেক করোনা সংকটকালীন সময়ে আমরা অসহায় পরিবারের মধ্যে খাবার ও মাস্ক বিতরণসহ বেশ কিছু ইতিবাচক কাজ করেছি। এই সংকটময় সময়ে আমরা আমাদের দায়িত্বও কর্তব্য থেকে পিছু হটেনি বরং এ সংকট মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।’ তিনি জানান, যেহেতু বর্তমানে করোনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, তাই জীবননগর থানা-পুলিশ সচেতনতা সৃষ্টিসহ অস্বচ্ছলদের মধ্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ৬ শ মাস্ক বিতরণ করা হয়েছে। এ মাস্ক বিতরণের এ কার্যক্রম চলবে।
