ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মাস্ক বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। এ সময় লাইনে দাঁড়িয়ে পুলিশের দেওয়া মাস্ক সংগ্রহ করেন স্থানীয়রা।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশ পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণের পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ পরিকল্পনা অনুয়ায়ী বিতরণ করব। প্রথম পর্যায়ে ৪০ হাজার মাস্ক বিতরণ করছি। এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা মাইকিং করে মানুষকে সচেতন করছি। এখন মাস্ক দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে এ ভাইরাসটি প্রতিরোধ করা সম্ভব হবে না। আমরা ক্ষুদ্র চেষ্টা করছি মাস্ক বিতরণ করে। যাতে মানুষ মাস্ক পরে। এরপরও যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করবে, তাদের আইনের আওতায় আনা হবে। এ ভাইরাসটি প্রতিরোধে আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহাবুব হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, মাহফুজ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
