ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গার মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরকে এ জরিমানা করা হয়। অভিযানসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা নিউ মার্কেটে ঢোকার প্রবেশ পথে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোর অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছিলো। তাছাড়া, বিদেশি পণ্য বিধি-নিষেধ না মেনে ইচ্ছামত মূল্যে বিক্রি করছিলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গায় দিনব্যাপী সদর উপজেলার বড়বাজার, নিউমার্কেট ও দৌলতদিয়ার এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠান পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রয় করছে। তাছাড়া বিদেশী পণ্য বিধি-নিষেধ না মেনে ইচ্ছামত দামে বিক্রি করছে। তাঁদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও অভিযানে, মেসার্স সিটি মার্বেলকে অভিযোগের প্রেক্ষিতে মুল্য বেশি নেওয়ায় ৪০ ধারায় ৪ হাজার টাকা এবং মেসার্স উজ্জ্বল অধিকারীকে ক্রয় রশিদের সাথে মূল্য তালিকার সামঞ্জস্যতা না থাকায় ৪৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
