দর্শনা অফিস:
দর্শনায় ফেনসিডিলসহ একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও ইজিবাইক চালক পালিয়ে গেলেও ইজিবাইক থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে থানার এসআই শরিফুল, এএসআই আনোয়ার ও এএসআই কুদ্দুস ফোর্স নিয়ে দর্শনা রেলবাজার-বাসস্ট্যান্ড সড়কের মাইক্রোবাস স্ট্যান্ডের নিকটবর্তী লাবলু ওয়েলডিং ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা রেলবাজার হতে বাসস্ট্যান্ড অভিমুখে যাওয়া একটি ইজিবাইককে গতিরোধে করেন তাঁরা। এ সময় পুলিশের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে ইজিবাইক ফেলে চালকসহ গাড়িতে থাকা মাদক চোরাকারবারিরা পালিয়ে যান। পরে পুলিশ মাদক চোরাকারবারিদের ফেলে যাওয়া ইজিবাইকে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ইজিবাইকটি জব্দ করে। এ বিষয়ে দর্শনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
