ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
পশুহাট সংক্রান্ত লিগ্যাল নোটিশ, ইজারা মূল্য গ্রহণ ও করোনাভাইরাস পরিস্থিতির কারণে আলমডাঙ্গা পৌর পশুহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা পশুহাটে কোনো প্রকার বেচাকেনা ও লোক সমাগম ঘটতে না পারে, সে বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে গত ৯ জুন আলমডাঙ্গা পৌর পরিষদের মাসিক সভায় এ বিষয়টি উপস্থাপন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুর হাট সংক্রান্ত অ্যাডভোকেট শহীদুল ইসলামের লিগ্যাল নোটিশ, ১৪২৭ বাংলা সনের জন্য ইজারা মূল্য গ্রহণ ও কার্যাদেশ পাওয়ার আবেদনসহ কাগজপত্রাদী গত ৯ জুন পৌর পরিষদের মাসিক সভায় উপস্থাপন করা হয়। ইজারা সংক্রান্ত বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া করোনাভাইরাসের কারণে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা রেড জোন ঘোষিত হওয়ায় একই সঙ্গে জনস্বাস্থ্য বিবেচনায় অত্র এলাকায় ব্যাপক জনসমাগম যেন না ঘটে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সব বিষয় বিবেচনায় পশুহাট বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর পত্র পাঠান পৌর মেয়র হাসান কাদীর গনু। আবেদনের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা পশুর হাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ জুন জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পত্র পাঠায় স্থানীয় সরকার বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন পত্রের মাধ্যমে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী।
