কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি হাতিয়ার হিসেবে কাজ করছে

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি হাতিয়ার হিসেবে কাজ করছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে সেমিনারে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় জুম অ্যাপসের মাধ্যমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়েই আজকের এই সেমিনার করছি। অনলাইনে ডিজিটাল প্লাটফর্মে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ‘মুজিববর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার’ শীর্ষক প্রতিপাদ্যে এবারই প্রথম অনলাইনে ডিজিটাল মেলা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআইয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইন ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় ৭টি প্যাভিলিয়নে উপস্থাপন করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নানা দপ্তরের বিভিন্ন ধরনের ই-সেবা, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় পর্যায়ের নানা ইনোভেশন।’ জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, সাম্প্রতিক করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষকে সংযুক্ত রাখার প্রয়োজনীয়তাও বেড়েছে। বিশ্বব্যাপী লকডাউনে আবাসিক ইন্টারনেটের চাহিদা উল্লেখজনক হারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিত্যব্যবহার্য পণ্যের হোম ডেলিভারি, কোভিড-১৯ ও সাধারণ স্বাস্থ্য পরামর্শের জন্য টেলিমেডিসিনসেবা, ওয়ার্ক-ফ্রম-হোম, ভিডিওকনফারেন্স, অনলাইন প্রশিক্ষণ, দূর-প্রশিক্ষণকার্যক্রম, ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির কারণে ই-কমার্স, স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত ও আবাসিক ব্যবহারকারীদের জন্য পারস্পরিক সংযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। ফলে দেখা যাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি হাতিয়ার হিসেবে কাজ করছে। আজকের এই সেমিনারও প্রযুক্তিকে কাজে লাগিয়ে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে জুম অ্যাপসের মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া মমতাজ। নিজ নিজ কার্যালয় হতে জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য, চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে ডিজিটাল মেলা-২০২০। জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই এই মেলা। মেলা গত রোববার (২৮ জুন) থেকে শুরু হয়েছে, চলবে আজ মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআইয়ের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (chuadanga.gov.bd) ওয়েবসাইটে এই মেলা হচ্ছে। মেলায় কোভিড-১৯ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষা কার্যক্রমে ডিজিটাল মাধ্যমের ব্যবহার সম্বলিত তথ্য ও গৃহীত বিভিন্ন ব্যবস্থাও মেলায় প্রদর্শন করা হচ্ছে। মেলার বিশেষ প্যাভিলিয়ন হিসেবে থাকছে মুজিব শতবর্ষ প্যাভিলিয়ন ও জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়ন। মুজিব শতবর্ষ প্যাভিলিয়নে মুজিব শতবর্ষ উদ্যাপনে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং বিষয়ক বিভিন্ন তথ্যাবলি অনলাইন প্ল্যাটফর্মে নাগরিকদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)