ছবির ক্যাপশন:
দর্শনার ঠাকুরপুর সীমান্তে দুই বাংলাদেশি জখমের ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন বাবু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বাবু মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করে।
ডা. এহসানুল হক তন্ময় বলেন, বাবু মিয়ার একটি পায়ের হাড় ভাঙা ছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের আরও চিহ্ন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই দিন অবজারভেশনে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। যে কারণে বাবু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে দর্শনার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় দুই বাংলাদেশি বাবু মিয়া ও কদম আলীকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। আহত দুজনের মধ্যে কদম আলীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ও বাবু মিয়াকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পরও বাবু মিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাবু মিয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
