‘ঠিকাদারদের ও প্রকৌশলীর মান ক্ষুণ্ন করা হয়েছে’

আপলোড তারিখঃ 2020-06-29 ইং
‘ঠিকাদারদের ও প্রকৌশলীর মান ক্ষুণ্ন করা হয়েছে’ ছবির ক্যাপশন:
গাংনীতে সংবাদ সম্মেলনে ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গাংনী অফিস: মেহেরপুর গাংনীর পীরতলা-নওদাপাড়া সড়ক নির্মাণকাজের সঙ্গে গাংনী উপজেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই বলে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বিষয়টি স্পষ্ট করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ মার্কেটে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি তুলে ধরেন তাঁরা। তবে লিখিত বক্তব্যে স্থানীয় অনলাইন পোর্টাল ও কয়েকটি পত্রিকার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, অনাকাক্সিক্ষত ও উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ পরিবেশনের অভিযোগ করেন তাঁরা। লিখিত বক্তব্যে ঢালাওভাবে স্থানীয় সবগুলো দৈনিক ও অনলাইন পোর্টালের বিরুদ্ধে বলা হলেও কয়েকজন সাংবাদিকের পাল্টা প্রশ্নে তাঁদের দাবির অবস্থান থেকে সরে আসেন ঠিকাদার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, কয়েকটি মিডিয়ায় অতিরঞ্জিত, মিথ্যা, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে মান ক্ষুণ্ন করা হয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গাংনী প্রেসক্লাব নেতৃবৃন্দ। কোনো সাংবাদিক বা কোনো মিডিয়ার মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের দায় সব সাংবাদিক বা সব মিডিয়ার নয় বলে প্রতিবাদ করেন তাঁরা। গত শনিবার পীরতলা-নওদাপাড়া পাকা সড়ক নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের উপকরণ লক্ষ্য করেন মেহেরপুর-২ আসনের (গাংনী) সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। স্থানীয় মানুষের অভিযোগ ও সরেজমিনে নির্মাণকাজের অনিয়ম দেখে তা বন্ধ করে পুনরায় সিডিউল অনুযায়ী নির্মাণের নির্দেশ দেন এই জনপ্রতিনিধি। যা স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশ হয়। এর জের ধরে গতকাল সংবাদ সম্মেলন করেন ঠিকাদার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপদেষ্টা ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ ফারুক হাসান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান আকাশসহ সদস্যবৃন্দ। অ্যাসোসিয়েশনের দাবি, সঠিক মালামাল সংগ্রহ, দক্ষ শ্রমিক মিস্ত্রি দিয়ে কাজ করানোর পরেও আবহাওয়াজনিত কারণে এবং পারিপার্শ্বিক অসুবিধায় কাজের মান খারাপ হয়ে যেতে পারে। সাংবাদিক ও সংবাদপত্রের দায়িত্ব ঘটনার সত্যতা তুলে ধরা। নিম্নমানের কাজের ব্যাপারে সংবাদপত্রে তুলে ধরলে সেগুলো চিহ্নিত করে সংশোধন করতে সুবিধা হয়। তা তুলে ধরতে কয়েকটি নিউজ পোর্টালে মনগড়া তথ্য পরিবেশন করে স্থানীয় ঠিকাদারদের ও প্রকৌশলীর মান ক্ষুণ্ন করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও জানান, ‘আমরা যারা অ্যাসোসিয়েশনভুক্ত ঠিকাদার রয়েছি, তারা কখনই উপজেলা প্রকৌশলীকে কোনো প্রকার অর্থ দিইনা। বরং তিনি নিম্নমানের কাজের সঙ্গে আপস করতে নারাজ। এছাড়াও এলজিইডির কাজে জেলার নির্বাহী প্রকৌশলী, কুষ্টিয়া জোনের প্রকৌশলীসহ উপসহকারী প্রকৌশলী কাজ তদারকি করে থাকেন। এতগুলো কর্মকর্তাকে ম্যানেজ করে মানহীন কাজ করা একজন ঠিকাদারের পক্ষে সম্ভব নয়। এছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ইট, পাথর, বিটুমিন, বালু, শ্রমিক খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ এদিকে, সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে উপস্থিত গাংনী প্রেসক্লাবের সাংবাদিকেরা প্রতিবাদ জানিয়ে কোন কোন মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন ও ট্রায়াল করা হয়েছে, তার তালিকা প্রকাশের দাবি করেন। সব মিডিয়া ও সাংবাদিকরা কি এ ঘটনার জন্য দায়ী? এমন প্রশ্নের জবাবে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, কতিপয় সাংবাদিক ও মিডিয়া এ ঘটনার সঙ্গে দায়ী। তাহলে তাঁদের নাম প্রকাশ না করে সব মিডিয়া আর সাংবাদিকদের কেন দায়ী করা হচ্ছে? এমন প্রশ্নের সদুত্তোর না দিয়ে সাংবাদ সম্মেলন শেষ করেন ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)