ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে শুরু হলো ডিজিটাল মেলা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে ডিজিটাল মেলা-২০২০। জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যেই এই মেলা। গতকাল রোববার (২৮ জুন) থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআইয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (পযঁধফধহমধ.মড়া.নফ) ওয়েবসাইটে এই মেলা হচ্ছে। চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলায় রয়েছে ৭টি প্যাভিলিয়ন। প্যাভিলিয়নসমূহে উপস্থাপন করা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নানা দপ্তরের বিভিন্ন ধরনের ই-সেবা, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় পর্যায়ের নানা ইনোভেশন।
কোভিড-১৯ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষা কার্যক্রমে ডিজিটাল মাধ্যমের ব্যবহার সম্বলিত তথ্য ও গৃহীত বিভিন্ন ব্যবস্থাও মেলায় প্রদর্শন করা হচ্ছে। মেলার বিশেষ প্যাভিলিয়ন হিসেবে থাকছে মুজিব শতবর্ষ প্যাভিলিয়ন ও জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়ন। মুজিব শতবর্ষ প্যাভিলিয়নে মুজিব শতবর্ষ উদ্যাপনে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং বিষয়ক বিভিন্ন তথ্যাবলি অনলাইন প্লাটফর্মে নাগরিকদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে। মেলার দ্বিতীয় দিন আজ সোমবার (২৯ জুন) দুপুর ১টায় আয়োজিত হবে একটি অনলাইন সেমিনার। এতে বিষয়বস্তু হচ্ছে ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার।
