ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার অটো চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন মেহেরপুর জেলা অটো মালিক চালক সমিতি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের আহ্বানে সাড়া দিয়ে মাস্ক বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে অটো মালিক চালক সমিতি নেতৃবৃন্দ জানান। মালিক সমিতির নেতৃবৃন্দ আরও জানান, মেহেরপুরে ৬ হাজার ১৫৫টি অটো (ইজিবাইক) রয়েছে। প্রথম ধাপে অটো চালকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত দিয়ে ৫০০ জন অটো চালকের মধ্যে মাস্ক বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাকিদের মধ্যেও মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হবে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা অটো মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, জেলা অটো মালিক সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিণ্টু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক খোরশেদ আলী প্রমুখ।
