নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ৪টি পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের কাছ থেকে ১২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক ও শারিরীক দূরুত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪ জনকে ৩ হাজার টাকা এবং দামুড়হুদা উপজেলায় ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
