ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সুষম খাদ্য সম্পর্কে আলোচনায় সভায় সিভিল সার্জন
রুদ্র রাসেল:
চুয়াডাঙ্গায় সুষম খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে এবং সদর হাসপাতালের সম্মেলনকক্ষে পৃথকভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইফস্টাইল, হেল্থ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২ এর আয়োজনে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল আজমীর ইন্টারন্যাশনাল বেসরকারি কনসাল্টিং ফার্ম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোরভাবে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একই সঙ্গে খাবার পূর্বে সঠিক ও সুন্দরভাবে হাত পরিষ্কার করতে হবে। বিশ্বের অধিকাংশ শিশু মারা যায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। খাবার খাওয়ার পূর্বে বা পরিবেশনের পূর্বে হাত ঠিকঠাক মতো না ধুলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, পেটের পীড়া, কৃমিসহ বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই হাত ধোয়া জরুরি। সরকার সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায়। উৎপাদনের মাঠ থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সবক্ষেত্রে নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পরিমিত খাবার খান, নিয়মিত হাটুন, সুস্থ ও সবল জীবন গড়ে তুলুন। সেই সঙ্গে সুষম খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করুন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন খাবার হোটেলের খাবার পরিবেশন কর্মী ও বিভিন্ন ক্লিনিক-নার্সিং হোমের র পরিচ্ছন্নতাকর্মীগণ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হেল্থ এডুকেটর দেলোয়ার হোসেন।
