ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতাফত হোসেন ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক লতাফত হোসেন সকালে মাঠে কাজ করার সময় নিকটস্থ জাহিদ হাসানের পোল্ট্রি খামারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পোল্ট্রির খামারে বিদ্যুতের সংযোগে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
