প্রায় ৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
প্রায় ৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব ছবির ক্যাপশন:
টিএলসিসির সভায় চুয়াডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত ও ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর নগর সমম্বয় কমিটির (ঞখঈঈ) বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকর বিশ্বাস ৬৯ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৫৩২ টাকার বাজেট প্রস্তাব করেন। তার মধ্যে রাজস্ব বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৪৯১ টাকা এবং পানি সরবরাহ শাখা থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা। উন্নয়ন সহায়তা বাবদ আয় ধরা হয়েছে- ক) সরকারি উন্নয়ন সহায়তা (এডিপি) ৪ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৪১ টাকা। খ) গুরুত্বপূর্ণ শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ধরা হয়েছে ১০ কোটি টাকা। গ) তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও) ৪১ কোটি ৬০ লাখ টাকা। সর্বমোট বাজেট ৬৯ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৫৩২ টাকার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, ড্রেন নির্মাণ, রাস্তা নির্মাণ, পানি সরবরাহ সম্প্রসারণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শহরের সৌন্দর্য বর্ধন, ট্রাক টার্মিনাল নির্মাণ, সড়কবাতি স্থাপন, জেন্ডার অ্যাকশন প্লান বাস্তবায়ন ও দারিদ্র বিমোচন কর্মসূচি ইত্যাদি খাতে ব্যয় ধরা হয়েছে। সভাপতির বক্তব্যে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আমি পৌর পিতা হিসেবে নয়, পৌর সেবক হিসেবে সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। সেই লক্ষ্যেই আপনাদের সহযোগিতায় আমি কাজ করে যাচ্ছি। তাই বাজেট সভার পূর্বে করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠকের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমি এবং সংশ্লিষ্ট কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ ওয়ার্ডবাসীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে ওয়ার্ডবাসীর সমস্যাগুলো লিপিবদ্ধ করে তারপর বাজেট প্রস্তুত করা হয়েছে। তবে পৌরসভার সব উন্নয়ন পৌর নাগরিকদের কর প্রদানের ওপর নির্ভর করে। তাই পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে সম্মানিত পৌর নাগরিকদের সময়মতো পৌর কর ও পানির বিল পরিশোধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।’ পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিকেরা উন্নত নাগরিক সেবা পাক, সেজন্য নিরন্তর ছুটছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তাই আমি কখনোই আমার অফিসের রুমের দরজা বন্ধ করি না। আমি যখন অফিস করি, আপনারা ইচ্ছা মতো প্রবেশ করতে পারেন। যাতে আপনারা আপনাদের সুবিধা-অসুবিধার কথা আমাকে বলতে পারেন। এই পৌর পরিষদের এটিই হয়ত শেষ বাজেট। আপনাদের সেবায় কোনো কমতি রাখব না। আপনারা প্রথম শ্রেণির পৌরসভায় বাস করেন। সেই রকম সব সুযোগ-সুবিধায় আস্তে আস্তে পাচ্ছেন। পৌরসভার কাজ অতিদ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা এগিয়ে যাবে।’ সভায় উপস্থিত ছিলেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর সুলতানারা রত্না, সিরাজুল ইসলাম মনি, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, আবুল হোসেন, রেজাউল করিম, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, শেফালী খাতুন, টিএলসিসির সদস্য সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সেলিম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, সাংবাদিক জহির রায়হান, মেহেরাব্বিন সানভি প্রমুখ। সভায় উপস্থিত সবাই প্রস্তাবিত বাজেটের কিছুটা সংযোজন এবং পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। উপস্থিত সবার প্রশ্নের ওপর ব্যাখ্যা প্রদান করেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)