ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম সরকার
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১৫ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গুরোগ প্রতিরোধে মশক নিধন অভিযান কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মশক নিধনের স্প্রে ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘এখন বর্ষার সময়, যেখানে সেখানে পানি জমে থাকে। আর এখনই ডেঙ্গুর প্রভাবও দেখা দেয়। এমনিতেই করোনাভাইরাসের জন্য আমরা একটা সংকটকালীন পরিস্থিতি পার করছি। আবার ডেঙ্গু যদি জেকে বসে, তাহলে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি। তাই সবকিছু মাথায় রেখে আমাদের ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে সবকিছু।’ এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রতি তিন দিন পরপর সব স্থানে মশক নিধনের স্প্রে করার জন্য পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রত্যেক তিন দিনে সব স্থানে স্প্রে করতে হবে। একই সঙ্গে কোথাও যেন অপরিষ্কার না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের কথা ভেবেছে। দীর্ঘ ৭১ বছর ধরে বাংলার এবং বাঙালিদের তথা বাঙালি জাতির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। বাংলার মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে। করোনাকালীন সময়ে এ রকম সংকটময় পরিস্থিতিও মোকাবিলা করছে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের ধারাকে অব্যহত রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, প্যানেল মেয়র-১ মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর নাজরিন পারভীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।
