ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসা চত্বরে প্রচণ্ড বৃষ্টি উপক্ষো করে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘আমি এক দিন থাকব না। তবে এ প্রতিষ্ঠান, এ ভবন যুগ যুগ ধরে থাকবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দ্বীনি-এলেম শিক্ষা লাভ করে সমাজকে আলোকিত করবে। সেদিন এ ভবন কে বা কারা করেছিল, সেটি কেউ জানতে চাইবে না। জানতে চাইবে এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি কাদের শ্রমে-ঘামে ও সম্পত্তি দিয়ে কারা শুরু করেছিল।’ তিনি আরও বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা প্রদানে আহ্বান জানানো হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর জিন্নাত আলী, মাদ্রাসা পরিচালনা পরিষদের দাতা সদস্য ওয়াহেদুল ইসলাম জোয়ার্দ্দার ভাদু, চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নস্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, বিটিভির জেলা সংবাদদাতা ওয়াহেদ মো. রাশেদীন আমিন ওরফে রাজন রাশেদ, স্থানীয় ঠিকাদার আলী রেজা সজলসহ মাদ্রাসার শিক্ষকমণ্ডলী। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর জান্নাত আলী।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৩২৩ টাকা ব্যয়ে ওই চারতলা একাডেমিক ভবনটি নির্মিত হবে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেরপুরের মল্লিক পাড়ার জহিরুল লিমিটেড। স্থানীয় ঠিকাদার আলী রেজা সজলের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
বিশিষ্ট ঠিকাদার আলী রেজা সজল জানান, করোনার লকডাউনের কারণে একাডেমিক ভবনের কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে লাগাতার কাজের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে আশা করছি।
