চুয়াডাঙ্গা ছয় পুলিশ সদস্যের করোনা জয়

আপলোড তারিখঃ 2020-06-21 ইং
চুয়াডাঙ্গা ছয় পুলিশ সদস্যের করোনা জয় ছবির ক্যাপশন:
করোনাযুদ্ধে জয়ী হতে প্রথমেই দরকার মনোবল : এসপি জাহিদ রুদ্র রাসেল: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে করোনা জয় করে কাজে ফিরেছেন ছয় পুলিশ সদস্য। গতকাল শনিবার বেলা দেড়টায় করোনা জয় করা ছয় পুলিশ সদস্য সুস্থ হওয়ায় হাসপাতালে গিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময়উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির। জানা যায়, ২৯ মে চুয়াডাঙ্গায় প্রথম পুলিশ সদস্য করোনা শনাক্ত হন। এখন পর্যন্ত মোট আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ২৮ জন। পুলিশ পরিদর্শক পদের ২ জন, উপপরিদর্শক পদের ৯ জন, সহকারী উপপরিদর্শক পদের ৫ জন ও কনেস্টবল পদের ১২ জন। পুলিশ পরিদর্শক পদের ১ জন, উপপরিদর্শক পদের ৫ জন, কনেস্টবল পদের ২ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৮ জন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৯ জন পুলিশ সদস্য। এছাড়া নিজ বাড়ি নড়াইলে হোম আইসোলেশনে আছেন চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মেফাউল হাসান। গতকাল করোনাজয়ী পুলিশ সদস্যরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার এসআই জাকির হোসেন, এসআই সাইফুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এসআই মাহমুদুল, টিএসআই সোয়াদ হোসেন ও কনেস্টবল আলাউদ্দীন। গতকাল দুপুরেই পুলিশি ব্যবস্থায় তাঁরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে দর্শনা থানার উদ্দেশ্যে রওনা হন। জানা যায়, চলতি মাসের ৪ তারিখে একই দিনে এই ৬ পুলিশ সদস্য করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ৫ জুন রাতে তাঁদের নমুনায় করোনা শনাক্ত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। এই দিন রাতেই তাঁদেরকে ডেডিকেটেড করোনা ট্রিটমেন্ট সেন্টার, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন এবং ১৭ জুন তারিখে তাঁদের থেকে সংগৃহীত নমুনায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে। যে কারণে গতকাল শনিবার বর্তমানে তাঁরা করোনা মুক্ত এ মর্মে আইসোলেশন থেকে ছাড়পত্র প্রদান করা হয়। করোনাজয়ী পুলিশ সদস্য এসআই জাকির হোসেন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর মনে হত, হয়ত এ জীবন শেষ হয়ে যাবে। কিন্তু পুলিশ সুপার মহোদয়ের অনুপ্রেরণা, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় চিকিৎসার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের জীবন ফিরে পেয়েছি।’ তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে সেবা দানকারী চিকিৎসক নার্সদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুস্থ ছয়জনের বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনাযুদ্ধে জয়ী হতে প্রথমে দরকার মনোবল। এ ছাড়া ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার দরকার। আমি এ দুটি জিনিস নিশ্চিত করেছি। বিভিন্ন সময় কোনো কারণ ছাড়াই তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছি। যেন তাঁরা বুঝতে পারেন, সবাই তাঁদের পাশে আছে। এই পুলিশ সদস্যরা যখন অসুস্থ হন, তখন তাঁদের মনোবল ধরে রাখা বড় একটি চ্যালেঞ্জ ছিল। তাঁদের মনোবল ঠিক রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সবাই মিলে তাঁদের মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছি। তাঁদের মনোবল ভালো ছিল।’ তিনি আরও বলেন, করোনা মোকাবিলার জন্য পুলিশের বিশেষ কোনো প্রশিক্ষণ নেই। তবু পুলিশ সদস্যরা দৃঢ় মনোবল নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সিভিল সার্জন করোনা মোকাবিলায় ও করোনা আক্রান্তদের চিকিৎসার বিষয়ে গুরুত দিয়ে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সিভিল সাজন ডা. এ এস এম মারুফ হাসানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)