ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
পানি নিষ্কাশনের সুষ্টু ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের পশ্চিমপাড়ার প্রায় দুই শ পরিবার পানিবন্দী। জানা যায়, নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কের পশ্চিমে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে পারছে না মহল্লাবাসী। সামান্য বৃষ্টিতেই অন্যতম এই ব্যস্ত রাস্তাটি বৃষ্টির পানিতে ভেসে যায়। তাই এই বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় দুর্বিষহ হয়ে উঠেছে মহল্লাবাসীর জীবন। জলাবদ্ধতার সঠিক কারণ নির্ণয় করে সুষ্ঠ ব্যবস্থাপনার দাবি তুলেছে এখানকার সচেতন মহল।
এ বিষয়ে ভুক্তভোগী স্কুলশিক্ষক জাহিদুল ইসলাম জানান, অনেক দিনের সমস্যা এই জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি আটকে থাকে দীর্ঘদিন। বৃষ্টি বেশি হলে পানি বাড়ির ভেতর উঠে পড়ে। এ সময় পুরুষেরা যেনতেনভাবে চলাচল করলেও মা-বোনেরা বাড়ি থেকে বের হতে পারে না। শুধু বর্ষা বলে না, অন্য সময়ও বৃষ্টি হলে এখানে পানি দীর্ঘদিন ধরে আটকে থাকে।
এ বিষয়ে ভুক্তভুগী মহল্লাবাসী জানান, ‘বৃষ্টির পানি রাস্তায় জমে দুর্গন্ধের সৃষ্টি এবং মশার জন্ম হয়। উপায় না পেয়ে আমাদেরকে হাঁটুপানি পেরিয়েই যাতায়াত করতে হয়। একটু বেশি বৃষ্টি হলেই সড়ক পেরিয়ে দুর্গন্ধযুক্ত ময়লা পানি বাসাবাড়িতে উঠে যায়। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজের যাবার সময় তাদের পোশাকও ভিজে যায়।’
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও নিরসনের কারো কোনো উদ্যোগ নেই। এমন পরিস্থিতিতে মহল্লাবাসীর যাতায়াতের ভোগান্তি লাঘবে উক্ত জলাবদ্ধতা নিরসনে উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবুর আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মহল্লাবাসী।
