দর্শনার ব্যাংক কর্মীর মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন

আপলোড তারিখঃ 2020-06-18 ইং
দর্শনার ব্যাংক কর্মীর মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন ছবির ক্যাপশন:
করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন দর্শনা অফিস: দর্শনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোলাইমান হক (৬০) নামের এক ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোলাইমান হক দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইসলামী ব্যাংক জীবননগর শাখার ম্যাসেঞ্জার পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সোলাইমান হক জ্বর, ঠাণ্ডা ও কাঁশিতে আক্রান্ত হন। এ সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খেলেও দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরে পরিবারের সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকাই হাসপাতালের আইসোলেশনের ইয়োলো জোনে রেখে নমুনা সংগ্রহ করে গতকাল বুধবার পরীক্ষার জন্য পাঠান। এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসোলেশনের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকালই বেলা দুইটার দিকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে দর্শনা থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর কামরুজ্জামান খান, দর্শনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যাংক কর্মীর মৃত্যুর পর দর্শনা থানা-পুলিশের একটি দল আমার নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাঁর দাফনকার্যে অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, এই করোনা সংকটে পুলিশ তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের এই সংকটে পুলিশ সদস্যরা তাদের মানবিকতা ও সাহসিকতার পরীক্ষায় পদে পদে দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএসও) ডা. আবু হেনা শেখ জামাল শুভ জানান, সোলাইমান হকের শরীরে করোনা উপসর্গ থাকার বিষয়টি সঠিক। তবে পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ত আজ নমুনা পরীক্ষার ফলাফল আসতে পারে। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এলেও তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। যে কারণে তাঁকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়। তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান। এদিকে, দর্শনা বাসস্ট্যান্ডের দর্শনা-হিজলগাড়ী প্রধান সড়কের ধারে করোনা উপসর্গে মৃত সোলাইমান আলীর বসতবাড়ি হওয়ায় পার্শবর্তী বসবাসকারী মানুষ ও বাড়ি সংলগ্ন কিছু ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় ব্যাবসায়ীসহ সবাই আতঙ্কে রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)