কোষাঘাটার রাস্তায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা!

আপলোড তারিখঃ 2020-06-17 ইং
কোষাঘাটার রাস্তায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা! ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় পাকা রাস্তার দুই ধারে মাটি দিয়ে বেঁধে দেওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে জনসাধারণের চলাচলের দুর্ভোগের শেষ নেই। জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে, একদিকে এলাকবাসীর চলাচলের অসুবিধা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে সরকারি পাকা রাস্তাটি নষ্ট হয়ে যাবে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। জানা যায়, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের কোষাঘাটা গ্রামের আলামিন ড্রাইভার, আলিহীম, হযরত আলী, হাসিবুল ইসলাম ও ফরজ আলী পাকা রাস্তার দুই পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়ায় বৃষ্টির পানি বের হতে পারছে না। তাই পাকা রাস্তার ওপর পানি জমে গেছে। এতে গ্রামের মানুষের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ জানান, জমে থাকা বৃষ্টির পানি রাস্তার পাশ দিয়ে পাইপের মাধ্যমে মেইন সড়কের পাশে সরকারি পুকুরে আসার ব্যবস্থা করলে আর রাস্তায় বৃষ্টির পানি জমবে না। এ বিষয়ে আলিহীম জানান, ‘রাস্তায় বাঁধ না দিলে গ্রামের পানি রাস্তা বেয়ে সব আমাদের বাড়িতে আসে। সেই পানি আমাদের বাড়ি থেকে আর বের হতে পারে না। কারণ ওখানে ওয়েভ ফাউন্ডেশনের পুকুরের বাঁধ দেওয়া আছে। সেই জন্য ওই দিকে পানি যেতে পারে না। নিজের ঘর বাড়ি বাঁচাতে আমরা রাস্তার পাশে বাঁধ দিয়েছি। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন জানান, ‘বিষয়টি আমি শোনার পর গ্রামে গিয়ে দেখে এসেছি। কিন্ত করোনাভাইরাসের কারণে কোনো বরাদ্দ না থাকায় ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টায় আছি সমাধান করার জন্য। এ ব্যাপারে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা হয়েছে।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান জানান, ‘আমি সরেজমিনে যেয়ে দেখব। যদি ছোট-খাটো বিষয় হয়, তাহলে সমাধানের ব্যবস্থা করা হবে। আর বড় কাজ হলে বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)