নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে পিংকি খাতুন (১৭) নামের এক কিশোরীর লাশ তাল স্বামীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে দর্শনা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পিংকি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরনগাছি গ্রামের মাঝেরপাড়ার তোফাজ্জেল হোসেনের মেয়ে ও জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠপাড়ার ফিরোজ হোসেনের স্ত্রী। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জানা যায়, এক বছর পূর্বে মামার বাড়িতে বেড়াতে যেয়ে পিংকি খাতুনের সঙ্গে পরিচয় হয় জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফিরোজের। আট মাস আগে পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করে তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃহস্পতিবার রাতে ফিরোজ ও পিংকি দুজনে এক ঘরেই ঘুমোতে যায় বলে জানা যায়। কিছু দিন যাবৎ ফিরোজ অন্য একটি মেয়েরে সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ও সেই মেয়ের ছবি পিংকিকে দেখায়। এরই জের ধরে রাতে কোনো এক সময় পিংকি আত্মহত্যা করতে পারে। সকালে ফিরোজ চিৎকার চেঁচামেচি করলে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে লাশ নিচে নামায়। এরপর থেকে পলাতক রয়েছে ফিরোজ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কিশোর বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মামলা নম্বর ১২, তারিখ ১২-০৬-২০২০। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
