ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে বিক্রি করা ছাগলের টাকাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৬) নামের এক কৃষককে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ওই গ্রামের শাহিন নামের এক ব্যক্তি। আমিরুল উপজেলার কোলা ইউনিয়নের দৌলৎপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটার দিকে।
গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল মণ্ডলের ছেলে শাহিন হোসেন ওই গ্রামের কৃষক আমিরুলের নিকট একটি ছাগল বিক্রি করেন। বেশ কিছুদিন পরে ওই ছাগলের টাকা আরও ৩ শ পাবে বলে দাবি করেন শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে তা থেমেও যায়। এরপর শুক্রবার সন্ধ্যায় আমিরুল ইসলাম যখন গ্রামের মধ্যদিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহিন ধারালো গাছি দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুলের মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসান হাবিব জানান, মাথা, বুক ও পিঠে প্রায় ৭-৮টি জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর আমিরুল ইসলাম মারা যান।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির মাত্র ৩ শ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করেছে শাহিন। পুলিশ শাহিনকে আটকের অভিযানে নেমেছে।
