ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আনসার সদস্যসহ আরও তিনজনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় একজন আনসার সদস্যসহ নতুন আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সন্ধ্যায় জেলা সিভিল সার্জন অফিস ১৫টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩ জন পজেটিভ ও ১২ জনের রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৪ জন। গতকাল নতুন আক্রান্ত তিনজনের মধ্যে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে কর্তব্যরত আনসার সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজলোর আরও দুইজন।
গতকাল করোনা আক্রান্ত সন্দেহে ৮৬টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৬ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ৬৩ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ৭ জনের নমুনাসহ সংগৃহীত ৮৬টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, একজন আনসার সদস্যসহ সদর উপজেলায় নতুন তিনজন করোনা শনাক্ত হয়েছে। আনসার সদস্য যিনি চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে কর্তব্যরত ছিলেন। ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে তাঁর আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তাঁর সংস্পর্শে থাকা অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে। এছাড়া আরও একজন করোনা শনাক্ত হয়েছে তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৫২৬টি, প্রাপ্ত রিপোর্ট ১৪১২টি, পজেটিভ ১৩৭টি, নেগেটিভ ১২৭৫টি, সুস্থ ৮৫ ও মৃত্যু ১।
