ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫-৪০ জন বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করে ভুড়িভোজ করেন। এ নিয়ে প্রতিপক্ষ গ্রুপ ক্ষিপ্ত হয়। বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্যযোগদানকৃত নেতাকর্মীদের ওপর চড়াও হতে থাকে। সন্ধ্যায় একটি চায়ের দোকানে আবুলের সমর্থকেরা জাহিদের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গোলাম বারীর ছেলে ফারুকসহ দুজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। ফারুকের ভুড়ি বের হয়ে গেছে। প্রত্যাক্ষদর্শী লিটন নামে একজন জানান, এ সময় তাঁরা গুলি ও বোমার শব্দ শুনছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
