প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ জলিবিলা গ্রামের সরোজগঞ্জ হোয়াইট হাউজের ডিস ক্যাবল কর্মী হাফিজুর রহমান (৩৫) কে গত শনিবার রাত ১১টার দিকে যুগিরহুদা গ্রামের বিলের ধারে ইপিলিপি বাগানের মধ্যে থেকে হাত-পা বাঁধা এবং আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হাফিজুর রহমান জলিবিলা গ্রামের ফারুক হোসেনের ছেলে। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইনেসপেক্টর আব্দুল আলিম জানান, ছয়ঘরিয়া গ্রামে হাফিজুর রহমান ডিসলাইনের কাজ করতে গিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয় জিসান নামের একটি ছেলের সাথে একপর্যায়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাফিজুর বাড়ি ফেরার পথে জিসানের লোকজন হাফিজুরকে ধরে মারধর করে পিঠমোড়া দিয়ে বেঁধে একটি ইপিলিপি বাগানে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে আমরা থানার অভিযোগ মোতাবেক হাফিজুরকে অনেক খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। হাফিজুরকে প্রাথমিক চিকিৎসা করার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
