ছবির ক্যাপশন:
সংকটকালীন সময়ে দুই মাসের ভাড়া মওকুফ করলেন আব্দুল্লাহ সিটির মালিক স্বপন
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতির মধ্যে মার্কেটের সব দোকানের দুই মাসের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গা আব্দুল্লাহ সিটির মালিক আব্দুল মোমিন স্বপন। ভাড়া মওকুফ করায় আব্দুল্লাহ সিটির মালিক আব্দুল মোমিন স্বপনকে সংবর্ধনা দিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল শনিবার বেলা একটায় আব্দুল্লাহ সিটির তৃতীয় তলায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের অভিজাত মার্কেটের মধ্যে আব্দুল্লাহ সিটি অন্যতম। এসকেলেটর সুবিধাসহ নানাবিধ সুবিধা-সম্বলিত অভিজাত এ মার্কেটে দোকান আছে দেড় শ’টিরও ওপরে। ব্যবসায়ী মালিক আছেন ৬৮ জন। মাসে সব মিলিয়ে মোট ভাড়া আসে দুই লাখ ২০ হাজার টাকা।
মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম শাহিন জানান, ‘লকডাউনের কারণে দুই মাসের অধিক সময় মার্কেট বন্ধ ছিল। আমাদের দোকানগুলোতে কোনো ব্যবসা হয়নি, এমনকি এবারের ঈদেও। এর মধ্যে কর্মচারী থেকে শুরু করে নানাবিধ খরচ। তারওপর আবার হঠাৎ করে ঈদের আগে মার্কেট খোলার ঘোষণা দেওয়ায় আমরা নতুন করে মাল উঠিয়েছিলাম। সেখানে আমাদের ধার-দেনাও করতে হয়েছিল। তবে চার দিনের মাথায় পুনরায় সব বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছি আরও বেশি। এমতাবস্থায় আমরা চরম বিপাকে পড়েছি। আমরা ভেবেছিলাম এক মাসের ভাড়া মওকুফের জন্য বলব। আব্দুল মোমিন স্বপন ভাই, আমাদের চাওয়ার থেকে বেশি করেছেন। তিনি নিজেই আমাদের দুই মাসের ভাড়া মওকুফ করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এই সংকটকালীন পরিস্থিতির মধ্যে তিনি ২ মাসের মোট ৪ লাখ ৪০ হাজার টাকা মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এ জন্য আমরা মার্কেট ব্যবসায়ীরা তাঁকে সংবর্ধনা দিলাম।’
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ সিটির মালিক আব্দুল মোমিন স্বপন বলেন, ‘আমি ব্যবসায়ীদের কথা ভেবেছি। প্রত্যেকেই এই সংকটকালীন পরিস্থিতে দূরাবস্থার মধ্যে আছেন। আপনারা এই সময়ে ভেঙে না পড়ে, ব্যবসা চালিয়ে যান। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা এই মার্কেটে ব্যবসা করছেন, আপনাদের ভালো ব্যবসা হলেই, ভালো। এখন আবার লকডাউন উঠিয়ে দিয়েছে, এবারে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের ব্যবসা সচল রাখুন।’
সংবর্ধনায় আব্দুল্লাহ সিটির ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ সিটির মালিকের পুত্র আব্দুল্লাহ, ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহসভাপতি ইসাহাক আলী, ক্যাশিয়ার তারিকুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।
