দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ত দিন : শহর পূর্বের ন্যায় স্বাভাবিক

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
দীর্ঘ ছুটির পর কর্মব্যস্ত দিন : শহর পূর্বের ন্যায় স্বাভাবিক ছবির ক্যাপশন:
টানা ৬৬ দিন পর খুলেছে চুয়াডাঙ্গার সব সরকারি-বেসরকারি অফিস নিজস্ব প্রতিবেদক: টানা ৬৬ দিন পর খুলেছে চুয়াডাঙ্গাসহ সারা দেশের সব সরকারি-বেসরকারি অফিস। দীর্ঘ ছুটির পর ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে চুয়াডাঙ্গার সব অফিসগুলো। গতকাল রোববার সকাল থেকে অফিস শুরু করেন জেলা শহরের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। যদিও প্রথম দিনে কয়েকটি বাদে সব অফিসে সেবাপ্রার্থী মানুষের খুব বেশি ভিড় লক্ষ্য করা যায়নি, তবুও দীর্ঘ ছুটির পর প্রথম দিনে কর্মব্যস্ত ছিলেন সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরায়। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে। এদিকে, প্রথম দিন অফিস খোলায় সকাল বেলা অফিস শুরুর দিকে চুয়াডাঙ্গা শহরে পূর্বের ন্যায় ব্যস্ততা লক্ষ্য করা যায়। মানুষের সংখ্যা পূর্বের ন্যায় স্বাভাবিক ছিল। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেশি ভিড় ছিল। চুয়াডাঙ্গার আদালত খোলায় সাধারণ আদালতে আইনজীবীসহ বিচারপ্রার্থীদের ভিড় লক্ষ্যনীয় ছিল। রেজিস্ট্রিটি কোর্টেও সেবার্প্রাীদের ভিড় ছিল বেশ। তাছাড়া বাকি সরকারি অফিসগুলোতে তেমন মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি। জানা গেছে, প্রাণঘাতী করোনায় টানা ৬৬ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে শর্ত সাপেক্ষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। গত ২৮ মে সাধারণ ছুটি না বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত কঠোরভাবে বিধি-নিষেধ মেনে সার্বিক কার্যাবলী/চলাচলের পক্ষে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ গত ১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষণা অনুযায়ী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে এর আগে ২৬ এপ্রিল রোববার থেকে ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো খুলেছে। এসব কার্যালয়ে কাজ চলছে সীমিত আকারে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ সময় সরকারি নির্দেশ অনুযায়ী বাসায় অবস্থান করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অনেকেই জানিয়েছেন, বাসায় অবস্থান করলেও তারা কেউ কেউ অনলাইনে দায়িত্ব পালন করছেন। এদিকে, আজ থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। পূর্বের সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চলবে। চুয়াডাঙ্গার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অফিস বন্ধ থাকার সময় ঘরের বাইরে যাইনি। অফিস খোলায় এখন আবার বাইরে বের হতে হচ্ছে। চাকরি করতে হলে তো অফিসে আসতেই হবে। সচেতন আছি, তার পরেও ভয় পাচ্ছি, কারণ অনেক মানুষের সংস্পর্শে আসতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)