ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে আশরাফপুর কারখানাপাড়ার বুরহান উদ্দিনের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্ত করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশরাফপুর স্থানীয় ইউপি সদস্য ফিরাতুল ইসলাম ভোলা জানান, ‘গত কয়েকদিন ধরে অজ্ঞাতনামা পরিচয়ের এক নারী আমাদের গ্রামে ঘোরঘুরি করছিলেন। খোঁজ নিয়ে জানতে পারি, সে মানসিক ভারসাম্যহীন। শনিবার সকালে বুরহান উদ্দিনের বাড়ির নিচতলায় তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই।’
মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবিব জানান, ‘মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অজ্ঞাতনামা এক নারীর লাশ পড়ে আছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই। পরে স্বাস্থ্যবিধি মেনে লাশটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি, তাই ময়নাতদন্ত শেষে আশরাফপুর গ্রামেই তাঁকে দাফন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে বলা হয়েছে।’
