ঘূর্ণিঝড় আম্পানে প্রায় ৮৯ কোটি টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2020-05-30 ইং
ঘূর্ণিঝড় আম্পানে প্রায় ৮৯ কোটি টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঘূর্ণিঝড় আম্পানে ঝিনাইদহের ২ লাখ ২৭ হাজার চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ছিল আম্পান। রাত ১০টা থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত তাণ্ডব চালায় আম্পান। ভেঙেছে গাছ-পালা, বাড়িঘর। ভেসে গেছে খামার-পুকুরের মাছ। সেই সাথে নষ্ট হয়েছে মাঠের পর মাঠের ফসল। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলার ৬ উপজেলায় প্রায় ২ লাখ ২৭ হাজার কৃষক আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় দেড় হাজার হেক্টর কলা, এক হাজার ২৫ হেক্টর শাক-সবজি, ১ হাজার ৯৫০ হেক্টর মুগ ডাল, ২ হাজার ২০ হেক্টরের তিল, সাড়ে ৭ শ হেক্টর মরিচ, ১ শ হেক্টর বোরো ধান, দেড় হাজার হেক্টর পান বরজ, ২ হাজার ৮৭৫ হেক্টরের আম ও ৪১৮ হেক্টরের লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে ফসলের ক্ষতি হয়েছে ৮ কোটি ৮৯ লাখ টাকা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আম্পানে তাঁর দেড় বিঘা জমির পানবরজ নষ্ট হয়ে গেছে। বরজে প্রায় আড়াই লাখ টাকার পান ছিল। বিধ্বস্ত পানবরজ মেরামত করতে এখন প্রায় ১ লাখ টাকা খরচ হবে। সদর উপজেলার হলিধানী গ্রামের কলাচাষি কাদের মিয়া বলেন, এ বছর তিনি আড়াই বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। কয়েকদিন হলো অল্প কিছু কলা বিক্রি করতে পেরেছেন। কলা বিক্রি করে তিনি কমপক্ষে তিন লাখ টাকা আয় করতেন। আম্পানের কারণে তার তিন বিঘা জমির কলাগাছ ভেঙে পড়েছে। মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, আম্পানের কারণে তাঁর মাছের খামারগুলো ভেসে গেছে। এছাড়াও তার ১০ বিঘা জমির কলাখেত নষ্ট হয়েছে। মূলধন হারিয়ে এখন পথে বসেছেন তিনি। এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারিভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে শৈলকুপা উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলহরি ইউনিয়ন। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ^াস বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। পানবরজ, কলাখেত, আম, লিচুসহ অন্যান্য ফসল যা রয়েছে, তা সংরক্ষণ ও বিপণণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মাঠে মাঠে গিয়ে কৃষকদের শান্তনা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)