ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। নতুন ২৭ জনের মধ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
জানা যায়, শনিবার সকলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে ২৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জেলা সিভিল সার্জন অফিস নতুন ৮ জন করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত করে। গত দুই দিনে চুয়ডাঙ্গায় মোট ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় থেকে ৮ জন, দামুড়হুদা উপজেলা থেকে ৯ জনসহ মোট ৩৫ জন।
এদিকে, করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৫৭ জনের নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২০ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৩ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ২১ জনের, জীবননগগর উপজেলা থেকে ৩ জনেরসহ মোট ৫৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাঠিয়েছে। গত শুক্রবার আরও ৮ জনের পজেটিভ রিপোর্ট পেয়েছি। শুক্রবার ও শনিবার দুই দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০৮টি নমুনার ফলাফল পাঠিয়েছে। উক্ত ফলাফলে ৩৫ জনের পজেটিভ ও ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭৩৮টি, প্রাপ্ত রিপোর্ট ৫৯৮টি, পজেটিভ ৭৭টি, নেগেটিভ ৫২১টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৮১ জন। শনিবার পাঠানো ৫৭টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৪৫টি।
