ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সংবাদের প্রথিতযশা সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টুর ১৭তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০০৩ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে প্রয়াত সাংবাদিকের পরিবার ঝিনাইদহ শহর ও তাঁর গ্রামের বাড়ি চাপড়ি গ্রামে প্রার্থনা সভার আয়োজন করে।
সাংবাদিক মণ্টুর বড় ছেলে ও ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন জানান, দিবসটি পালনে সকালে চাকলাপাড়া কালীমন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়া গ্রামের বাড়ি সদর উপজেলার চাপড়ি গ্রামে ‘হরিবাসর’-এর আয়োজন করা হয়। সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টু স্বাধীনতা পরবর্তী সময়ে এক সাহসী সাংবাদিক ছিলেন। সে সময় তিনি তৎকালীন মহাকুমা প্রশাসক ও সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে নন্দিত হন। আধুনালুপ্ত দৈনিক বাংলার দর্শক প্রিয় একটি কলামে তিনি নিয়মিত লিখতেন। স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টুর লেখা ‘সপ্তম নৌ বহর এখন ঝিনাইদহে’, এক ইউপি মেম্বারকে নিয়ে লেখা ‘চিনিলো কেমনে’, হিজড়াদের জীবনযাপন নিয়ে লেখা ‘জন্মই যাদের আজন্ম পাপ’ ও এক মহাকুমা প্রশাসক কাজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি তিনি পত্রিকায় লিখে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করেন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক অ্যাডভোকেট কালীকিংকর মণ্টু বিভিন্ন সময় পালিয়ে থাকলেও মিথ্যার সঙ্গে কোনো দিন আপস করেননি। ঢাকা ও ঝিনাইদহের অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক তৈরির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
