ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
বকেয়া এরিয়া বিল, বেতনসহ বোনাসের দাবিতে ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) এমডিকে অবরুদ্ধ করেছেন কারখানার শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল আটটায় মিলের কারখানা গেটে শ্রমিকেরা ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীরকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এরপর এমডি বিল প্রদানের ব্যবস্থা করার আশ^াস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্য ও কারখানা শ্রমিক বাবুল আক্তার জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত জাতীয় মুজুরী কমিশনের ঘোষিত এরিয়া বিলের টাকা তাঁরা আজও পাননি। বারবার হেড অফিসে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। এ ছাড়াও গত দুই মাসের বেতন, ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে কারখানার শ্রমিকেরা এমডিকে অবরোধ করে তাঁদের দাবির কথা জানান। অবরোধকালে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফজের আলী, মশিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবীর শ্রমিকদের অবরোধের কথা অস্বীকার করে বলেন, বকেয়া টাকার দাবিতে সকালে কারখানার শ্রমিকেরা তাঁর কাছে এসেছিলেন। কিন্তু বর্তমানে মিলের ফান্ডে এখন টাকা সংকট। মিলের চিনি বিক্রির পর শ্রমিকদের বিল দেওয়ার আশ^াস দিলে তাঁরা চলে যান বলে জানান তিনি।
