ভ্রাম্যমাণ প্রতিবেদক,আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় খরগোশ ধরতে গিয়ে রাতের আধারে লিচু পাড়ার অভিযোগ তুলে মারধরে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার অনুপনগর গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় সুমন নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের ইখলাচ আলীর ছেলে সুমন (২০), ইসমাইলের ছেলে হোসেন, চাঁদ আলীর ছেলে ইমন গতকাল রাতে অনুপনগর মাঠে বন্ধুরা মিলে খরগোশ ধরতে যান। এ সময় মুছাব আলীর ছেলে আইতাল ও কফিল উদ্দীনের ছেলে মাহাবুল অনুপনগর মাঠের আজিবার রহমানের আম-লিচু বাগান দেখতে যান। এ সময় আইতাল, মাহাবুল, সুমনসহ তাঁদের বন্ধুদের বিরুদ্ধে লিচু চুরির অভিযোগ তোলে। এ নিয়ে তাঁদের মধ্যে রাতেই মাঠের মধ্যে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এ সময় আইতাল ও মাহাবুল সুমনসহ তাঁদের বন্ধুদের বেধড়ক মারপিট করে। আইতালের হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মারলে সুমন রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে দুর্লোভপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নাঈম হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছাই। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সুমন নামের ছেলে হাসপাতালে আছে। কি কারণে মারামারি হয়েছে তদন্ত করে বলা যাবে।
