জীবননগরে রাস্তা সংস্কার কাজে চরম অনিয়ম!

আপলোড তারিখঃ 2020-05-12 ইং
জীবননগরে রাস্তা সংস্কার কাজে চরম অনিয়ম! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা প্রকৌশলীর উদাসীনতায় রাস্তা সংস্কার কাজে চলছে চরম অনিয়ম। নিম্নমানের ইট আর মাটিভর্তি বালি দিয়ে রাস্তা সংস্কার করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ডেঙ্গাপাড়া হতে আকন্দবাড়িয়া অভিমুখে রাস্তা সংস্কার কাজ করা হলেও সেখানে শিডিউল অনুযায়ী হচ্ছে না। খোয়ার পরিবর্তে সুড়কি আর বালির পরিবর্তে রাস্তার ওপরে মাটি দেওয়া হচ্ছে। তা ছাড়া রাস্তা সংস্কারের সময় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে কাউকে চোখে পড়েনি। বরং ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আর লেবারদের মাধ্যমে কাজটি সম্পন্ন হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানয়ি বেশকিছু ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য এক নম্বর ইট, খোয়া ও বালি দেওয়ার কথা থাকলেও, তা দেওয়া হচ্ছে। এক নম্বর ইটের পরিবর্তে দেওয়া হচ্ছে ৩ নম্বর ইট। আর খোয়ার পরিবর্তে রাস্তা খুড়ে যে ইট আর সুড়কি হয়েছে, সেগুলো ব্যবহার করছে। শুধু তাই নয়, বালির পরিবর্তে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার ওপরে মাটি দিচ্ছে। আমরা প্রতিবাদ করাই ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার বলে রাস্তার কাজ করছে এমপির ভাই আরিফ আর মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল মিয়া। পারলে তাদের কাছে যেয়ে বলো রাস্তার কাজ এভাবেই শেষ হবে।’ মনোহরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওর্য়াড সদস্য ইদবারী বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য ইটের পরিবর্তে সুড়কি আর বালির পরিবর্তে মাটি দিচ্ছে। আমি কাজ করতে নিষেধ করলে তাঁরা আমার কথা না শুনে বলে যদি কোনো সমস্যা হয়, তাহলে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল মিয়ার সঙ্গে কথা বল। সে এই রাস্তার কাজ করছে। যার কারণে আমরা আর কোনো প্রতিবাদ করতে পারিনি। তাছাড়া উপেজলা প্রকৌশলী থেকে যে কর্মকর্তা থাকার কথা তাও ছিল না। তাদের মন মতো কাজ করে যাচ্ছে। এ রাস্তা বেশি দিন টিকবে না। আগের যে রাস্তা ছিল, সেটাও এর ছাড়া ভালো ছিল।’ ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার আ. আলীম বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য যে মালামাল ব্যবহার করা হচ্ছে, তা শিডিউল অনুযায়ী হচ্ছে। এখানে কোনো অনিয়ম করা হচ্ছে না। যারা অভিযোগ করেছে, তা মিথ্যা অভিযোগ করছে। তাছাড়া যদি কিছু জানার থাকে, তাহলে বকুল মিয়ার সঙ্গে কথা বলেন, তিনি এ কাজ পেয়েছেন তিনিই করছেন।’ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক এবং মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল মিয়া বলেন, ‘কালা গ্রামে রাস্তা সংস্কারের যে কাজ হচ্ছে, এ কাজটি আমি জাকাউল্লার কাছ থেকে কিনেছি। তবে এখানে যে কাজ হচ্ছে, শিডিউল অনুযায়ী হচ্ছে। এখানে কাজে কোনো অনিয়ম হচ্ছে না।’ জীবননগর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ডেঙ্গাপাড়া মোড় থেকে আকন্দবাড়িয়া যেতে যে রাস্তা সংস্কারে অনিয়ম এবং নিম্নমানের মালামালের ব্যবহারের কথা উঠেছে, এটি তদন্ত করা হবে। যদি শিডিউল অনুযায়ী কাজ না হয়, তা ঠিকাদার প্রতিষ্ঠান শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করে দিবে। তা না দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)