ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একজন ইউপি মেম্বার ও সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন। মহেশপুরের ভালাইপুর সাহেববাড়ি নামক স্থানে গতকাল রোববার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজমপুর ইউনিয়নের মেম্বার লুৎফর রহমান (৬২) ও মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল কুদ্দুস নিহত হন। নিহত ইউপি মেম্বর লুৎফর রহমান আলামপুর গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান জানান, ইউপি মেম্বার লুৎফর রহমান ও আব্দুল কুদ্দুস রোববার সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দেন। তারা মহেশপুরের ভালাইপুর ব্রিজ পার হয়ে সাহেব বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউপি সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে নিহত হন। আব্দুল কুদ্দুকে মুমূর্ষ অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি আকট করেছে। মহেশপুর থনায় এ ব্যাপারে মামলা হয়েছে।
