জীবননগর অফিস:
জীবননগরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতদরিদ্র দিনমজুর কৃষকের বর্গা নেওয়া দুই বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়েছে। জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আলীপুর গ্রামের মৃত আকবার আলীর ছেলে রমজান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার সময় আলীপুর গ্রামের মাছমারা বিলের মাঠে রমজান আলীর বর্গা নেওয়া দুই বিঘা জমির পাকা ধান কেটে মাঠে গাদা দেওয়া অবস্থায় রাতের আধারে কে কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মাঠে আগুন দেখে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সব ধান আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
হতদরিদ্র দিনমজুর কৃষক রমজান আলী বলেন, ‘আমি দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষ করি। এই ধানটুকুই আমার শেষ সম্ভব। এই ধান বিক্রি করে আমি কিছু পাওনাদারদেও টাকা দেব আর খাওয়ার জন্য রাখব। কিন্তু কারা রাতের আধারে আমার ধানগুলোই আগুন দিয়েছে, এটা আমি জানি না। এ ধান পুড়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কৃষক রমজান আলীর ধান মাঠের সেরা ধান ছিল। তাঁর দুই বিঘা জমিতে প্রায় ৫৮ মণ ধান হতো। যার আনুমানিক মূল্যে প্রায় ৫০ হাজার টাকা। তার এই ধান পুড়ে যাওয়ায় বর্তমান তাঁর পরিবারের করুণ অবস্থা দেখা দিয়েছে। তবে কৃষি অফিস থেকে তাঁকে আউশ ধানের জন্য বীজ দেওয়া হচ্ছে এবং কৃষি অফিসের পক্ষ থেকে তাঁকে সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে।
বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন, দরিদ্র কৃষক রমজান আলীর ধান পোড়ার বিষয়টি শুনেছি এবং তাঁকে ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দরিদ্র কৃষক রমজান আলীর দুই বিঘা জমিতে রাতের আধালে কে বা কারা আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। এ বিষয়ে কৃষক একটি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
