ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বাস ট্রাক ও ট্রাংক লরী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে নিরাপদ দুরুত্ব বজায় রেখে ১৬০ জন শ্রমিকের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সপুার জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। জানাগেছে, সরকার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজের নিজের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন। তাছাড়া নিত্যপণ্যের দোকান বাদে সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছেন। চুয়াডাঙ্গা জেলা জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতে কর্মবঞ্চিত হয়ে চরম বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার বাস ট্রাক ও ট্রাংক লরী শ্রমিকরা। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে এ কর্মসূচি হাতে নেন। তিনি ১৬০ জন কর্মবঞ্চিত শ্রমিকদের মধ্যে ৩ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম লবন, পিয়াজ, গুড়া হলুদ, কাঁচা মরিচ, লাউ, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
