ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ইয়ুথ অ্যাসেম্বলির জীবননগর উপজেলা শাখার সদস্যরা । কাঁচি হাতে নিয়ে ওই খেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন তাঁরা । মঙ্গলবার (৫ মে) সকাল আটটার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়া গ্রামের মাঠে হতদরিদ্র দিনমজুর কৃষক ইয়ার আলীর খেতের এক বিঘা জমির ধান কেটে দেন তাঁরা।
ইয়ুথ অ্যাসেম্বলির জীবননগর উপজেলা শাখা আহবায়ক মিঠুন মাহমুদ বলেন, 'মহামারি করোনাভাইরাসের প্রকোপে থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। নিস্তার পাইনি বাংলাদেশও। স্থবির হয়ে পড়েছে দেশের জনজীবন। দরিদ্র অসহায় কৃষকেরা পড়েছেন অভাব-অনটনে। খেতের ধান পরিপক্ক হলেও শ্রমিক ও খরচের অভাবে ধান কাটতে পারছেন না তাঁরা। এমন একজন কৃষক ইয়ার আলীর এক বিঘা জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আমারা সংগঠনের সদস্যরা এক বিঘা জমির ধান কেটে তা মাড়াইয়ের জন্য বাড়ি পৌছে দিয়েছি।'
এ বিষয়ে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ইয়ুথ অ্যাসেম্বলির সদস্যরা স্বেচ্ছায় নিজেদেরকে আত্মনিয়োগ করেন। এবার করোনা মহামারিতেও তার ব্যতিক্রম হয়নি। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকের এক বিঘা জমির উপযোগী ধান কেটে ওই কৃষককে সাহায্য করেছে সংগঠনটি। নিঃসন্দেহে এটি একটি মহতি কাজ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
কৃষক ইয়ার আলী বলেন, 'মহামারি করোনাভাইরাসের কারনে ধান কাটার জন্য লেবার পাচ্ছিলাম না। আমার শেষ সম্বল এই এক বিঘা ধান নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম । ধান সব পেকে গেছে। হঠাৎ দেখি ২০ জন যুবক আমার বাড়িতে যেয়ে বলে, আপনার ধান আমরা কেটে দিব। তাদের দেখে মনে হয়েছিল তারা আমার সাথে ঠাট্টা করছে। প্রথম দিকে আমার খুব রাগ হয়েছিল। কিন্তু যখন দেখি তারা কাচি হাতে করে আমার জমির ধান কাটছে, আমি তাদের দেখে অবাক হয়ে যায়। তারা সবাই মিলে আমার ধান কেটে দিয়েছে। যুবকদের এই মহতী উদ্যোগে আমি খুব আনন্দিত।'
ধান কাটা কাজে আরও অংশ নেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কামুরুজজামান যুদ্ধ, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সমন্বকারী আব্দুল আলীম সজল, ওয়েভ ফাউন্ডেশনের প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আশাদুজ্জামান লিটন, জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বকারী আকাশ মিয়া, ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর উপজেলা শাখার সদস্য সেলিম রেজা, রমজান, শারমিন, মমতাজ, সোনাতন হালদার, এ আর ডাবলু, নিজামনউদ্দিন প্রমুখ।
