দর্শনায় রাতের অন্ধকারে অনির্বাণ থিয়েটারের খাদ্যসামগ্রী উপহার

আপলোড তারিখঃ 2020-05-02 ইং
দর্শনায় রাতের অন্ধকারে অনির্বাণ থিয়েটারের খাদ্যসামগ্রী উপহার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ঘুটঘুটে অন্ধকার রাত। চারপাশের সমস্ত নিস্তব্ধতা ভেদ করে গভীর রাতে ভ্যানে করে খাদ্যসামগ্রী নিয়ে অপরিচিত মানুষের বাড়িতে বাড়িতে ছুটে চলছেন এক দল যুবক। গোপনে ‘খাদ্য উপহার’ তুলে দিচ্ছেন করোনার প্রার্দুভাবে ঘরবন্দী সব মানুষের হাতে। এভাবেই শুক্রবার (১ মে) রাতভর দর্শনায় কর্মহীন দুই শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় জেলার প্রথিতযশা নাটকের দল ‘অনির্বাণ থিয়েটার’। জানা যায়, বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা ভয়ঙ্কর করোনাভাইরাসের প্রভাবে সারা দেশের মতো দর্শনায় অসংখ্য মানুষ ও সাংস্কৃতিক-কর্মী কর্মহীন হয়ে পড়ে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে এসব কর্মজীবী মানুষেরা ঘরে অবস্থান নেওয়ায় তাদের নিয়মিত অর্থ উপার্জন বন্ধ হয়ে যায় এবং পরিবারে খাদ্য-সংকট দেখা দেয়। এ প্রেক্ষাপটে কর্মহীন এসব পরিবারে খাদ্য-সহায়তা প্রদানে দর্শনাস্থ অনির্বাণ থিয়েটারের কর্মীরা ‘খাদ্য উপহার’ নিয়ে দ্বিতীয় দফায় পথে নামেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও ছোলা। বিতরণ দলের সদস্যরা হলেন- নাট্যকর্মী কবিরুল হক লিপু, হাসমত কবির, মাহাবুবুর রহমান মুকুল, সাজ্জাদ হোসেন, মিরাজ উদ্দীন, জগন্নাথ কুমার কর্মকার, হাবিবুর রহমান ঈদু, মোহাম্মদ সংগ্রাম, ফরহাদ হাসান হৃদয়, কাওসার আহমেদ, মেহেদী হাসান মাসুদ ও আল ফাহাদ ইসলাম ফাহিম। উদ্যোগ প্রসঙ্গে অনির্বাণ থিয়েটারের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘বর্তমানে মানুষ মৃত্যু ভয়ে ঘরের মধ্যে অবস্থান করলেও পেটের ক্ষুধা এক সময় তাঁকে বাইরে বের করে আনছে। আবার মধ্যবিত্ত একটা বিরাট অংশ চক্ষু লজ্জায় কাউকে কিছু না বলতে পেরে ঘরের মধ্যে অভুক্ত থাকছে। আমরা মূলত এবার শহরতলীর সেরকম দুই শ টি পরিবার চিহ্নিত করে রাতের অন্ধকারে গোপনে তাদের কাছে ‘খাদ্য উপহার’ পৌঁছে দিয়েছি। আর এ কাজটি সফলভাবে সম্পাদনের জন্য বেশ কয়েকজন অনির্বাণ-কর্মী ও সুহৃত ব্যক্তির আর্থিক সহযোগিতা গ্রহণ করেছি। যারা এই মহান কর্মটির পেছনে অর্থ ও শ্রম বিনিয়োগ করেছেন তাঁদের সবার প্রতি আমাদের শেষ কৃতজ্ঞতা’। উল্লেখ্য, মহামারি করোনাভাইসাস (কোভিড-১৯) মোকাবিলায় অনির্বাণ-কর্মীরা শুরু থেকেই দর্শনায় নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে ২৫ মার্চ অসচ্ছল ব্যক্তিদের মধ্যে ৫ শ টি মাস্ক বিতরণ, ২৯ মার্চ প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে, ৩০ মার্চ ৫৪ টি কর্মহীন পরিবারের খাদ্য সহায়তা, ৫ এপ্রিল করোনা সর্তকতা নিয়ে গণসচেতনতা তৈরিতে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান এবং ৮ এপ্রিল জেলার ৫টি সাংস্কৃতিক দলের সমন্বয়ে ‘কাছে থেকে দূরে থাকি, জীবন বাঁচাতে ঘরে থাকি’ শীর্ষক ফেসবুক ক্যাম্পাইন প্রচারাভিযান পরিচালনা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)